ধর্ষণ মামলায় যুবলীগের ২ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র
সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই যুবলীগ নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রায় তিন মাস তদন্ত শেষে আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
আদালতের পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন নওগাঁ ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি (বর্তমানে বহিষ্কৃত) আনিছুর রহমান (৩২) এবং নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) মহির উদ্দিন (৩০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ওই কিশোরীকে ধর্ষণের সুস্পষ্ট আলামত পাওয়ায় মামলায় তাঁদের দুজনকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আলামতের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
গত ২২ আগস্ট বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার এক কিশোরী (১৩) তাড়াশে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। ওই কিশোরী তার ছোট ভাইকে নিয়ে ভুল করে মহিষলুটি এলাকায় গাড়ি থেকে নেমে পড়ে। এ সময় ওই দুই যুবলীগ নেতা তাদের পথ দেখিয়ে দেওয়ার কথা বলে মহিষলুটি বিদ্যাধর এলাকায় নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশের সদস্যরা উদ্ধার করেন। পরদিন কিশোরী নিজেই বাদী হয়ে দুই যুবলীগ নেতাকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। ওই দিনই থানা-পুলিশ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে। পরে দল থেকে তাঁদের বহিষ্কার করা হয়। বর্তমানে তাঁরা জামিনে আছেন।