ধর্ষণ-হত্যার বিচার চেয়ে মানববন্ধন
বাগেরহাটের চিতলমারীতে জাকিয়া সুলতানা (১০) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা এবং রামপালের গৌরম্ভা বাজারে এক তরুণীকে (১৭) ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গতকাল বুধবার মানববন্ধন করেছে বাগেরহাট জেলা মহিলা পরিষদ।বাগেরহাট প্রেসক্লাবের সামনে দুপুরে ওই মানববন্ধন থেকে এই দুটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।তবে রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে গত রোববার কিশোরীকে ধর্ষণের ঘটনায় বুধবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের সভানেত্রী ফরিদা রহমান, সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, নারীনেত্রী আম্বিয়া বেগম, প্রবীণ শিক্ষাবিদ মোজাফফর হোসেন প্রমুখ।