ধর্ষণকারীদের দ্রুত বিচারসহ ১৭ দফা দাবি সামাজিক প্রতিরোধ কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে সামাজিক প্রতিরোধ কমিটি সমাবেশ করে। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নারী নির্যাতনবিরোধী নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান l ছবি: প্রথম আলো
ধর্ষণকারীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড়ে সামাজিক প্রতিরোধ কমিটি সমাবেশ করে। এতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নারী নির্যাতনবিরোধী নানা প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান l ছবি: প্রথম আলো

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ সব নারী ও শিশু ধর্ষণকারীকে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনাসহ ১৭ দফা দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৭১টি সংগঠনের সমন্বয়ে গড়া এই কমিটি গতকাল রোববার বিকেলে এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানায়।

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। ১৭ দফা দাবির মধ্যে রয়েছে বনানী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ধর্ষণের মামলা নিতে গড়িমসি করা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ও রেইনট্রি হোটেলসহ অসামাজিক কার্যকলাপে যুক্ত হোটেলগুলোকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া,ধর্ষণ মামলায় দ্রুত ও নিরপেক্ষ অভিযোগপত্র দেওয়া, নারী নির্যাতনকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করা ইত্যাদি।

সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ‘নাগরিক উদ্যোগে’র কর্মসূচি কর্মকর্তা মাহবুব আক্তার এসব দাবি তুলে ধরেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, সরকার চাপের কাছে মাথা নত করে না বললেও বারবার বিভিন্ন চাপের কাছে মাথা নত করছে। যেসব ক্ষেত্রে জনমতের চাপ পাওয়া গেছে, সরকার সেগুলোতেই কাজ করে। কিন্তু আইন তো আইনের গতিতে চলার কথা। বারবার একই প্রসঙ্গে জনমত দেওয়া কি সম্ভব? সমাবেশে মহিলা পরিষদের দুই মাসের একটি জরিপ তুলে ধরে বলা হয়, ২০১৭-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ধর্ষণের সংখ্যা মোট ২৫৮, ৪৩টি শিশু শুধু এপ্রিল মাসেই ধর্ষণের শিকার হয়েছে। ১৪টি দৈনিক পত্রিকা থেকে তাঁরা এসব তথ্য সংগ্রহ করেছেন।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাহানাজ সুমীর পরিচালনায় সমাবেশে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাডাবের সমন্বয়কারী কাওসার আলম, দলিত নারী ফোরামের প্রতিনিধি মণি রানী দাশ, আইইডির প্রতিনিধি হাফিজা আদনান প্রমুখ বক্তব্য দেন।