ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন
পুলিশ হেফাজতে কিশোরীকে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার গাইবান্ধা শহরের স্টেশন রোডে মানববন্ধন করা হয়েছে। মহিলা পরিষদের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা শাখার সভাপতি ওয়াজিউর রহমান, সম্পাদক মিহির ঘোষ, যুব নাগরিক কমিটির গাইবান্ধা শাখার আহ্বায়ক জিয়াউল হক, মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি আমাতুর নূর, সম্পাদক রিকতু প্রসাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বলেন, ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত পাঁচ পুলিশ সদস্যকে অবিলম্বে শনাক্ত করে তাঁদের বিচার ও শাস্তি দিতে হবে। তাঁরা বলেন, পুলিশ মানুষের নিরাপত্তা দেয়। তারাই আইনের রক্ষক। কিন্তু রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে মানুষ কোথায় নিরাপত্তা পাবে। তাই এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কাছে মাস্তা এলাকায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১৭ বছরের এক কিশোরী কান্নাকাটি করছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যায়। পরে সেখানে সে ধর্ষণের শিকার হয়। বর্তমানে কিশোরী জেলা কারাগারে নিরাপত্তা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে গতকাল প্রথম আলোয় ‘থানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পাঁচ কনস্টেবলের বিরুদ্ধে মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।