ধর্ষণকারীর যাবজ্জীবন
চট্টগ্রামে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে লিংকন দাশ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। লিংকন দাশ চট্টগ্রাম রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের মহাজনপাড়ার স্বপন দাশের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকায় আসামি লিংকন দাশ ও ঘটনার শিকার মেয়েটি পাশাপাশি বাসায় থাকতেন। ২০০৮ সালের ১৭ আগস্ট মেয়েটির মা-বাবার অনুপস্থিতিতে লিংকন দাশ মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।
ঘটনার তদন্ত করে ওই বছরের ২৪ অক্টোবর লিংকন দাশকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১০ সালের ৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত মামলার রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার জানান, মামলা চলাকালে আসামি লিংকন দাশ হাইকোর্ট থেকে জামিন নেন। মামলায় অপরাধ প্রমাণিত হচ্ছে বুঝতে পেরে একসময় তিনি পালিয়ে যান। এখনো তিনি পলাতক।