ধর্ষণকারীর যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়ায় চাচাতো বোনকে ধর্ষণের দায়ে মো. সেলিম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সেলিমের বাবা আলী আহমেদ ও ভাই নূর আহমেদকে খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, বিয়ে করার আশ্বাস দিয়ে আসামি সেলিম ২০০৩ সালের ২৫ এপ্রিল তাঁর চাচাতো বোনকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ওই বছরের ১২ জুন সেলিম ও তাঁর বাবা, ভাইসহ তিনজনকে আসামি করে সাতকানিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ২০০৪ সালের ৭ মার্চ মামলার অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলী চন্দন তালুকদার জানান, আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি বর্তমানে কারাগারে।