ধর্ষণকারীর শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আহসান হাবিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার পঞ্চগড় শহরে মানববন্ধন হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে গতকাল দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বালিকা উচ্চবিদ্যালয় ও কাজলদীঘি টুনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি ১০ কিলোমিটার হেঁটে শহরে এসে মিছিল করেন। এ সময় তাঁরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্কের কাছে এক ঘণ্টা মানববন্ধন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জেলার সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের কাজলদীঘি টুনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী গত বুধবার বিকেলে ধর্ষণের শিকার হয়। একই গ্রামের ওসমান গণির ছেলে আহসান হাবিব (১৮) বাড়ির একটি কক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ছাত্রীর বাবা বুধবার রাতেই পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বাহারাম আলী জানান, শিশুটির মুখমণ্ডলে নখের দাগ আছে। তবে সেটি ধর্ষণ কি না, পরীক্ষার প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। গতকাল হাসপাতালের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেডিকেল বোর্ড সেই প্রতিবেদনে এখনো স্বাক্ষর করেনি। তাই এ ব্যাপারে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, ‘মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাই। আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’