ধর্ষণকারীর শাস্তির দাবিতে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে ধর্ষণকারী রাজু মিয়ার (২২) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকালে প্রথম আলো কসবা বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করে।
এদিকে ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি রাজু মিয়াকে গ্রেপ্তারে স্থানীয় সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের নির্দেশের পরও আসামি গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ বলছে, রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বন্ধুসভার সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কসবা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম এইচ শাহ আলম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কসবা উপজেলা কমান্ডের সভাপতি, সাংবাদিক মো. শাহ আলম, বন্ধুসভার সভাপতি রাকিবুল হক রুমন প্রমুখ।
মামলার এজাহার অনুসারে, পিতা-মাতাহীন মেয়েটি পালক বাবার কাছে বড় হয়। মেয়েটি স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিদিন কলেজে আসা-যাওয়ার পথে কাঠমিস্ত্রি রাজু তাকে উত্ত্যক্ত করতেন। বুধবার সকালে মেয়েটি কলেজে যাওয়ার পথে রাজুর উত্ত্যক্তের প্রতিবাদ করে। কলেজ শেষে বাড়ি ফেরার পথে রাজু মেয়েটিকে মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিয়ে ধর্ষণ করে।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রাজুকে গ্রেপ্তারের জন্য তার মাকে আটক করা হয়েছে।