ধর্ষণচেষ্টার ঘটনার 'সমঝোতা' করাচ্ছেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে ঢালচর ইউনিয়নে ধর্ষণচেষ্টার ঘটনা টাকার বিনিময়ে মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার নিজ বাড়িতে সালিস বসিয়ে ঘটনাটি ধামাচাপা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, গত মঙ্গলবার ঢালচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে রেখে তার মা-বাবা আত্মীয়ের বাসায় যান। রাত ১১টার দিকে স্থানীয় আবদুর রহিম মাঝির ছেলে রাকিবুল ইসলাম (২৫) ওই বাড়িতে গিয়ে কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং রাকিবুলকে আটক করে। পরে গ্রামের দফাদার ও চৌকিদার ঢালচর পুলিশ তদন্তকেন্দ্রে রাকিবুলকে সোপর্দ করেন। তবে কেউ লিখিতভাবে অভিযোগ না করায় গতকাল পুলিশ তাঁকে ছেড়ে দেয়।
এ ঘটনার পর গত বুধবার আবদুস সালাম হাওলাদারের নেতৃত্বে তার বাড়িতে সালিস বসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দেড় লাখ টাকার বিনিময়ে ঘটনা মিটিয়ে ফেলার সিদ্ধান্ত হয়। এ সম্পর্কে আবদুস সালাম হাওলাদার বলেন, ‘সালিস বসিয়ে সমঝোতার চেষ্টা করেছিলাম। প্রথমে বিয়ে দিতে চেয়েছি। পরে মেয়ের বয়স ১৪ বছর হওয়ায় সেটিও সম্ভব হয়নি। পরে প্রস্তাব উঠেছে টাকা জরিমানা করার। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করা সম্ভব হয়নি। বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে।’
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার গতকাল বলেন, ‘ঢালচর ইউনিয়নের দফাদার ও চৌকিদার ঘটনার আলামতসহ বখাটে রাকিবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গত তিন দিনে কেউ অভিযোগপত্র দায়ের না করায় আমরা তাকে ছেড়ে দিয়েছি। শুনেছি স্থানীয় নেতারা ঘটনাটির বিষয়ে সমঝোতা করাচ্ছেন।’ এ ধরনের উদ্যোগ বেআইনি বলে মন্তব্য করেন তিনি।