ধর্ষণচেষ্টার দায়ে যাবজ্জীবন
সিরাজগঞ্জ সদর উপজেলার শিশু অপহরণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একই মামলায় ওই আসামিকে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবদুল খালেক। তাঁর বাড়ি সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল হামিদ বলেন, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সদর উপজেলার তেলকুপি পশ্চিমপাড়ার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে আবদুল খালেক অপহরণ করেন। পরে তাকে ঘরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর শিশুটির বাবা বাদী হয়ে খালেক ও তাঁর স্ত্রী হাজেরা খাতুনের বিরুদ্ধে আদালতে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।