ধর্ষণচেষ্টার বিচার সালিসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গ্রাম্য মাতব্বররা সালিস আয়োজন করে নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিচারে অভিযুক্ত এক তরুণকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়, কিন্তু সেই টাকা পায়নি ওই ছাত্রী।ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে গত ২৭ আগস্ট। মীমাংসার কথা বলে মাতব্বররা এত দিন মামলা করতে দেননি বলে ছাত্রীর পরিবার অভিযোগ করেছে। অবশেষে ঘটনার ৩৭ দিন পর গত মঙ্গলবার ওই ছাত্রীর বাবা ধর্ষণচেষ্টা চালানোর অভিযোগে উপজেলার মোস্তফাপুর গ্রামের তাজিকুল ইসলামের (২২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর ইউপি চেয়ারম্যান আজিজুল হকসহ এলাকার মাতব্বররা আমাকে মামলা করতে নিষেধ করেন। ১ অক্টোবর শাহাপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কার্যালয়ে এক সালিস বৈঠকে তাজিকুলকে দোষী সাব্যস্ত করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা তাজিকুল ইউপি চেয়ারম্যানের হাতে দিলেও আমরা তা পাইনি।’বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বলেন, ‘ঘটনাটি সালিসে মীমাংসাযোগ্য নয়। এর পরও সংশ্লিষ্ট দামোদরপুর ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম বিধিবহির্ভূতভাবে সালিস করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে ওই ছাত্রী ও তাঁর বাবা অভিযোগ করেছেন। থানায় মামলা নিয়েছি। যাঁরা অবৈধভাবে সালিস করেছেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ওই ছাত্রী অভিযোগ করে বলে, ‘গত ২৭ আগস্ট রাতে বাড়িতে একা পেয়ে আমাকে ধর্ষণের চেষ্টা চালান তাজিকুল ইসলাম। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাজিকুলকে আটক করেন। এলাকার লোকজন আপস-মীমাংসার কথা বলে ভোররাতে তাঁকে ছেড়ে দেন।’অভিযুক্ত তাজিকুল ইসলামকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তাঁর বাবা হবিবর রহমান বলেন, ‘আমার ছেলে কী করেছে, তা জানি না। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।’ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘এলাকার লোকজন আমার কাছে ওই ঘটনার বিচার চেয়েছিল। সবার উপস্থিতিতে অভিযুক্ত তাজিকুলের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার সব টাকা না পাওয়ায় মেয়ের বাবাকে তা দেওয়া হয়নি।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউপি চেয়ারম্যান গ্রামের যেকোনো সমস্যার বিচার করতে পারেন।