ধর্ষণে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৫ বছর পরও নারীরা এ দেশে নিরাপদ নন। বিত্তশালী ব্যক্তিরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাচ্ছেন। আইনের প্রয়োগকারীরা ধর্ষণের শিকার নারীদের পক্ষে দাঁড়ান না। এসবের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করাটাও অপরাধ। সবাইকে সম্মিলিতভাবে ধর্ষণে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব ও জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা এসব বলেন। বনানীর ঘটনার পাশাপাশি সারা দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়। জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চ আয়োজিত প্রতিবাদ সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, চার থেকে পাঁচ বছরের শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, ‘চুপ থাকতে থাকতে আমরা বিকারহীন হয়ে গিয়েছি।’
গণজাগরণ মঞ্চের সমাবেশে অন্যদের মধ্যে ভাস্কর রাশা, শিক্ষাবিদ এ এন রাশেদা, চিকিৎসক নাজিমউদ্দিন, প্রকৌশলী সরদার আমিন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব প্রমুখ বক্তব্য দেন।
একই সময়ে ‘ধর্ষকের বিরুদ্ধে পদযাত্রা’ শিরোনামে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পদযাত্রার আগে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ধর্ষণ মামলা বিচারের জন্য আইনের একটি বিশেষ বিধান করতে হবে। যাতে পুরো বিচারপ্রক্রিয়া হবে নারীদের মাধ্যমে। ধর্ষণকারী ও তাঁদের পরিবারের সদস্যদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, গণমাধ্যমকর্মী অঞ্জন রায়, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, জাসদের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, গণজাগরণ মঞ্চের নেতা কামাল পাশা চৌধুরী, কানিজ আকলিমা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
গতকাল মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বনানীতে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে মানুষের জন্য ফাউন্ডেশনসহ ১৫টি সংগঠন।