ধর্ষণে বাধা দেওয়ায় খুন করা হয় রোমানাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে তরুণী রোমানা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার উসমান গনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে পানি খাওয়ার গ্লাস দিয়ে পেটে উপর্যুপরি আঘাত করে খুন করেন রোমানাকে। পরে লাশ গুম করতে সহযোগিতা করে তাঁর তিন আত্মীয়।সিলেটের দ্বিতীয় বিচারিক হাকিম আদালতে গত বৃহস্পতিবার বিকেলে উসমান গনির জবানবন্দি লিপিবদ্ধ করা হয়। গতকাল শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।জবানবন্দিতে উসমান গনি জানান, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল-বারারিপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে রোমানার (১৮) সঙ্গে পাশের রামপুর পশ্চিম গ্রামের জহিরউদ্দিনের ছেলে কয়েস মিয়ার (২৩) সম্পর্ক ছিল। গত মঙ্গলবার দুপুরে রোমানা বাড়ি ছেড়ে কয়েসের কাছে চলে যান। বিষয়টি তাঁর বন্ধু উসমানকে জানালে, উসমান তাঁদের নিয়ে রামপুর পশ্চিম গ্রামে তাঁর মামাবাড়ি যান। সেখানে রোমানাকে রেখে ফিরে যান কয়েস। ওই দিন রাত নয়টায় রোমানার কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন উসমান। একাধিকবার চেষ্টার পর তিনি রোমানার গলা চেপে ধরে ধর্ষণ করতে যান। তখন রোমানা পাশে থাকা একটি পানি খাওয়ার গ্লাস দিয়ে উসমানের মাথায় আঘাত করেন। এতে উসমানের মাথা কিছুটা কেটে যায়। তখন ক্ষিপ্ত হয়ে ওই ভাঙা গ্লাস দিয়ে রোমানার পেটে উপর্যুপরি আঘাত করেন উসমান। এতে ঘটনাস্থলেই রোমানা মারা যান।কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, জবানবন্দিতে উসমান লাশ গুম করতে তাঁকে সহায়তাকারী তিন আত্মীয়ের নাম জানিয়েছেন। নামগুলো মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না।গত বুধবার সকালে রোমানার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উসমানকে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। পরে কয়েস ও উসমানকে আসামি করে কানাইঘাট থানায় মামলা করেন রোমানার বাবা।