ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে খুন, তরুণ গ্রেপ্তার
ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে সজিব মিয়া (১৯) নামের এক তরুণ চাচি পুষ্প আক্তারকে (২১) ছুরিকাঘাতে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, প্রায় দেড় বছর আগে কলাদিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী নজরুল ইসলামের সঙ্গে পাশের চণ্ডীপাড়া গ্রামের আবদুস সাহিদের মেয়ে পুষ্প আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে বাড়িতে রেখে নজরুল আবারও মালয়েশিয়ায় চলে যান। সোমবার রাত আটটার দিকে নজরুলের ভাতিজা সজিব মিয়া চাচি পুষ্প আক্তারের ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে সজিব পুষ্পকে ছুরিকাঘাত করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পুষ্পকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় পুষ্প মারা যান।
পাকুন্দিয়ার আহুতিয়া পুুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ঘটনার পর সজিব কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ পাশের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।