ধর্ষণে ব্যর্থ হয়ে পুকুরে ফেলে হত্যার চেষ্টা!
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হওয়ায় দুর্বৃত্তরা তাঁকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার ভোরে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
হাসপাতালে ওই গৃহবধূ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আজ ভোরে প্রতিবেশী আবদুল বাতেন কসাই (৪০), তাঁর দুই সহযোগী মঞ্জুরুল কসাই (৩৫) ও মনিরুজ্জামান মন্টু (৪১) মদ্যপ অবস্থায় তাঁর ঘরের বেড়া কেটে ভেতরে ঢোকেন। পরে ওই তিনজন ধর্ষণের উদ্দেশ্যে জোর করে তাঁকে ঘরের বাইরে নিয়ে যান। এ সময় ওই গৃহবধূ চিত্কার করলে তাঁরা তাঁর গলা টিপে ধরেন। একপর্যায়ে তাঁরা তাঁকে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে দিয়ে যান। পরে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাঁকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে পরে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার শিকার গৃহবধূর স্বামী বর্তমানে জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে একটি মামলায় লালমনিরহাট জেলহাজতে আটক রয়েছেন। তাঁর চার ও দুই বছর বয়স্ক দুটি শিশুপুত্র আছে। ছেলেদের নিয়ে ওই গৃহবধূ স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন।
ওই গ্রামের বাসিন্দা মো. ফারুক জানান, ঘটনাস্থল থেকে মঞ্জুরুল কসাইয়ের মোটরসাইকেলের চাবি ও গৃহবধূর সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তিতে ছিঁড়ে যাওয়া গেঞ্জির অংশ বিশেষ পাওয়া গেছে।
এ ব্যাপারে আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূর দেবর আসাদুজ্জামান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।