ধর্ষণে ব্যর্থ হয়ে স্লুইসগেটের নিচে নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় ব্র্যাকের এক নারী কর্মীকে শহিদুল ইসলাম (৩০) নামের এক বখাটে ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে স্লুইসগেট থেকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নারীর এক চাচা জানান, উপজেলার ব্র্যাকের একটি শাখা কার্যালয় থেকে ওই নারী মাঠকর্মী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় মুণ্ডুমালা পৌর এলাকার শহিদুল ইসলাম তাঁর পিছু নেন। ওই নারী গৌঙ্গাপুর খাঁড়ির স্লুইসগেটের কাছে এলে শহিদুল তাঁর পথ রোধ করেন। এ সময় শহিদুল তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে তিনি ছুটে আসার চেষ্টা করলে শহিদুল ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে স্লুইসগেটের নিচে ফেলে দিয়ে পালিয়ে যান। প্রায় ৩০ ফুট নিচে পড়ে তিনি হাতে ও কোমরে আঘাত পান। সেখান থেকে মুঠোফোনে তিনি তাঁর স্বজনদের বিষয়টি জানান। খবর পেয়ে আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হুমায়ুন কবির জানান, ওই নারীর ডান হাতের কনুই ও কোমরের হাড় ভেঙে গেছে। তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তিনি ঘটনা শুনেছেন। কিন্তু কোনো অভিযোগ পাননি।