ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর ঘর পুড়িয়ে দিল সন্ত্রাসীরা
কিশোরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তাঁর বসতবাড়ি জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রাশিদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণকচুরী গ্রামের দুলাল মিয়া (৪০) কয়েকজন সঙ্গী নিয়ে বাইরে থেকে কৌশলে দরজা খুলে গৃহবধূর ঘরে ঢোকেন। এরপর দুলাল মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা চালান এবং অন্যরা প্রাণনাশের হুমকি দেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ পর্যায়ে সন্ত্রাসীরা তাঁর বসতঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। প্রতিবেশীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আসবাব, কাপড়চোপড়, তৈজসপত্র, অন্য মালামালসহ ঘরটি পুরোপুরি পুড়ে যায়। রাতে গৃহবধূ দুই সন্তান নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। গৃহবধূ জানান, তাঁর স্বামী ব্যবসায়িক কারণে ঢাকায় থাকেন। এ সুযোগে সন্ত্রাসীরা প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করে। ধর্ষণচেষ্টার অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে দুলাল মিয়াসহ ছয়জনকে আসামি করে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন ওসমান গনি (২৮), আবুল কাসেম (৪৫), হাবিবুর রহমান (৩২), তুষার মিয়া (১৮) ও সাইদুর রহমান (৩০)।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।