ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েকে হত্যার পর মায়ের গলা কাটা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণে ব্যর্থ হয়ে রাজধানীর উপকণ্ঠ সাভার পৌর এলাকার জামসিং ভাটপাড়া মহল্লায় পোশাককর্মী আলপনা আক্তারকে গলা কেটে হত্যার পর মা সোনেকা বেগমের গলায় ছুরি চালানো হয়। সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

ঘটনার কয়েক দিন পর গতকাল শনিবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই তাপস কুমার বিশ্বাস সোনেকা বেগমের বরাত দিয়ে এসব কথা জানান। তিনি জানান, ১১ মার্চ রাতে দুর্বৃত্তরা সোনেকা বেগমের বাসায় গিয়ে তাঁর মেয়ে আলপনাকে অপহরণের চেষ্টা করে। সোনেকার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরদিন রাত ১২টার দিকে ওই দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে দুজন সোনেকা বেগমকে আটকে রাখে এবং অপর চারজন আলপনাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে। তখন সোনেকা বেগম অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর শ্বাসনালি কেটে দিয়ে চলে যায়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর তিনি ঘটনার বর্ণনা দেন।

এসআই তাপস বলেন, সোনেকার দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাটপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ভাগনে মনির হোসেন এবং একই এলাকার মিলন ও উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের ১০ দিনের পুলিশি রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।