ধর্ষণের অভিযোগ পড়াশোনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে৷ মান্নান সরদার নামে পাশের গ্রামের এক তরুণ তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় ছাত্রীর বাবা ওই তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ মান্নান দেবগ্রাম ইউনিয়নের বক্কার সরদারের ছেলে৷
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, স্থানীয় লতিফ মোল্লার মেয়ে মুন্নি তাঁর বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গত শনিবার রাত আটটার দিকে ওই মাদ্রাসাছাত্রীকে নিজেদের বাড়িতে ডেকে আনেন৷ সেখান থেকে মান্নান সরদার ও তাঁর সহযোগী শাহিদুল সরদার মেয়েটিকে কৌশলে পাশের রাজবাড়ীর কাঁচরন্দ গ্রামের ওয়াজদ্দিনের বাড়িতে নিয়ে যান৷ সেখানে ঘরে আটকে মান্নান ওই ছাত্রীকে ধর্ষণ করেন৷ মান্নান ও শাহিদুল বিষয়টি চাপা রাখতে বলেন ওই ছাত্রীকে৷ ঘটনা জানাজানি হলে তাকে ও তার বাবাকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়৷
ছাত্রীর পরিবারের লোকজন পরদিন সকালে ওয়াজদ্দিনের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করেন৷ পরে মেয়েটি ঘটনা জানালে পরিবারের লোকজন তাকে নিয়ে গোয়ালন্দ থানায় যান৷ তাঁদের বাড়ি গোয়ালন্দে হলেও ঘটনাটি রাজবাড়ীর মধ্যে হওয়ায় পুলিশ তাঁদের রাজবাড়ী থানায় পাঠায়৷ ওই দিনই মান্নান সরদার, শাহিদুল সরদার, মুন্নি বেগম ও ওয়াজদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা৷
মাদ্রসাছাত্রী জানায়, লজ্জায় সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে৷ শারীরিক ও মানসিকভাবে সে ভেঙে পড়েছে৷ অনেক আগে থেকেই মান্নান তাকে উত্ত্যক্ত করতেন৷
ছাত্রীর বাবা বলেন, মান্নান এলাকায় খারাপ ছেলে হিসেবে পরিচিত৷ ঘটনার পর থেকে তাঁরা পলাতক থাকলেও তাঁদের লোকজন নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন৷ ওই ছাত্রী এ ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে৷
এ ব্যাপারে কথা বলতে গত বুধবার মান্নানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি৷ পরে মুন্নির বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি৷ তবে মুন্নির মা বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর মেয়ের কোনো সংশ্লিষ্টতা নেই৷ ওয়াজদ্দিনের পরিবারের লোকজনও ঘটনার পর থেকে পলাতক৷