ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রিমান্ডে
খাগড়াছড়ির দীঘিনালায় দশম শ্রেণির এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার সোহেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনার শিকার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, ধর্ষণের অভিযোগে শাহরিয়ার সোহেলকে গতকাল বুধবার খাগড়াছড়ির বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, গত সোমবার রাত দেড়টায় ছাত্রীটি দীঘিনালা বনবিহার থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে আত্মীয়ের বাড়ি ফেরার পথে উত্তর মিলনপুর এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতা সোহেলের নেতৃত্বে চার যুবক কবাখালী যুবসংঘ নামে একটি ক্লাবঘরে নিয়ে আটকে রাখে। পরে তাকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের ঘটনার স্কুলছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহেল, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সোহাগ, মৎস্যজীবী লীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক আমির হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।