ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় ভাবিকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ দেবরকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর আজ শুক্রবার পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

রাজবাড়ী থানা সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর দুপুরে শোবার ঘরে ঢুকে প্রবাসী ভাইয়ের স্ত্রীকে (২৪) আসামি সোহেল ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ওই দিনের পর তিনি বিভিন্ন সময় তাঁর ভাবিকে ধর্ষণ করেন। এর মধ্যে কোনো একদিন দেবরের সহযোগীরা ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে। ভাবি বিষয়টি টের পেয়ে তাঁর পরিবারকে জানান। এ ঘটনার কিছুদিন পর ওই ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এসব অভিযোগ নিয়ে গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় দেবরকে আসামি করে মামলা করেন। এরপর ওই দিন দিবাগত রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, সোহেলকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর মানিব্যাগ থেকে ধর্ষণের ভিডিওচিত্র সংরক্ষণ করে রাখা একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। আরও একাধিক ভিডিও চিত্র তাঁর কাছে রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।