ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের একটি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে গতকাল বুধবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ অভিভাবকেরা একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে রাখেন। বেলা একটার দিকে পুলিশের পাহারায় তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।
ওই ছাত্রীর পরিবারের সদস্য ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, বেশ কয়েকজন ছাত্রী ওই শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ত। তিনি গত শুক্রবার কৌশলে দশম শ্রেণির ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই ছাত্রী ঘটনাটি পরিবার ও পরদিন বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের জানায়। ছাত্রীর পরিবার হুমকি-ধমকির কারণে মামলা না করলেও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে এর বিচার চায়। গত পাঁচ দিনেও কমিটি উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। ওই শিক্ষকের শাস্তি না হলে ছাত্রীরা বিদ্যালয় ছেড়ে যাওয়ার হুমকি দেয়। যোগদানের পর থেকেই ওই শিক্ষক ছাত্রীদের পাঠদানের সময় নানা রকম অঙ্গভঙ্গি ও অশালীন কথাবার্তা বলতেন। তাঁর কারণে এর আগে এক ছাত্রী বিদ্যালয় ছেড়ে চলে গেছে।
সকাল সাড়ে নয়টার দিকে মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুর রাজ্জাক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ ওই বিদ্যালয়ে যান। তাঁরা শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘ওই ছাত্রী বিষয়টি মৌখিকভাবে জানানোয় উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। লিখিতভাবে না জানানোর কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। কাল (আজ) বৃহস্পতিবার সকালে সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, ‘শিক্ষক ও কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেছি। ওই শিক্ষকের পক্ষে-বিপক্ষে দুই রকম মত পাওয়া গেছে। বিপক্ষের কথা সত্য হলে তা যৌন নিপীড়নের পর্যায়ে পড়ে। ওই ছাত্রী আইনি পদক্ষেপ নিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন বলেন, এ ব্যাপারে ওই ছাত্রীর ভগ্নিপতি বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।