ধর্ষণের অভিযোগ অস্বীকার যুবলীগ নেতার
অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন যশোরের সেই যুবলীগ নেতা। আজ সোমবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফারসহ অভিযুক্ত ব্যক্তিরা সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে শেখ সাইফার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘নওয়াপাড়া শহরের হোটেলে তরুণীকে ধর্ষণের সঙ্গে আমি ও আমার সঙ্গে যাঁদের নাম জড়িয়ে মামলা দেওয়া হয়েছে, তাঁরা কেউ জড়িত নই। স্থানীয় আওয়ামী লীগের প্রতিপক্ষের লোকজন ওই তরুণীকে ব্যবহার করে আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র করেছে।’
নিজেকে অভয়নগর উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দাবি করে সাইফার শেখ বলেন, ‘আমাকে প্রধান আসামি করে যশোরের আদালতে ওই তরুণী মামলা করেছেন। মূলত সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্যই আওয়ামী লীগেরই অপর একটি অংশের নেতারা ওই তরুণীকে দিয়ে ধর্ষণের মামলা করিয়েছেন।’ তিনি বলেন, ওই মামলার কারণে তাঁর মানহানি ঘটেছে। এ জন্য তিনিও আদালতে মানহানির একটি মামলা করেছেন। সংবাদ সম্মেলনে ধর্ষণ মামলার অন্য আসামিরাও উপস্থিত ছিলেন।
সম্প্রতি ওই তরুণী যশোর প্রেসক্লাব ও রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, শেখ সাইফার ও তাঁর বন্ধুরা নওয়াপাড়া শহরের একটি হোটেলে নিয়ে গণধর্ষণ করেছে। অভয়নগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
আরও পড়ুন...