ধর্ষণের অভিযোগে আটক জরিমানার পর মুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে এসে স্বাস্থ্য সহকারীর হাতে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জনতা ওই স্বাস্থ্য সহকারীকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করলেও পুলিশ সালিসের মাধ্যমে তাঁকে জরিমানা করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের আলিয়ারা কমিউনিটি ক্লিনিকে ওই এলাকার এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী চোখে ব্যথার জন্য চিকিৎসা নিতে যায়। ক্লিনিকে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান ওষুধ দেওয়ার কথা বলে ওই কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী সেখান থেকে বেরিয়ে এসে কান্নাকাটি করে ঘটনা জানালে লোকজন মিজানুর রহমানকে আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা মিজানুরকে পুলিশে সোপর্দ করে।জানা গেছে, ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এ ঘটনায় সোমবার বিকেলেই ওই গ্রামে সালিস বৈঠক হয়। বৈঠকে মিজানুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ওসির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর বিকেলে মিজানুরকে ছেড়ে দেয় পুলিশ।সালিসে উপস্থিত মৌকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইছহাক মিয়া জানান, ওই কিশোরীর বাবা দিনমজুর। তাই ওসির অনুরোধে তাঁরা সালিস করতে বাধ্য হন। ওসি নজরুল ইসলাম স্বাস্থ্যকর্মী মিজানুরকে আটকের কথা স্বীকার করলেও সালিসের বিষয়টি অস্বীকার করেছেন।নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, ধর্ষণের অভিযোগে স্বাস্থ্য সহকারী মিজানুর রহমানকে মঙ্গলবার তাঁর কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের মোহাম্মদ সোবহানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।মধুখালীতে বিধবাকে ধর্ষণ: ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের চার সন্তানের জননী এক বিধবা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নারী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ওই নারী জানান, তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী মারা যান। বেশ কিছুদিন ধরে নওয়াপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের হাকু শেখ (৩৫) ও কাদিরপাড়া গ্রামের ইসলাম শেখ (৩২) তাঁকে কুপ্রস্তাব দিচ্ছেন। গত শনিবার রাতে তিনি ঘরের বাইরে বের হলে হাকু শেখ ও ইসলাম শেখসহ চারজন মিলে তাঁকে ধর্ষণ করেন। পরে প্রতিবেশীরা তাঁকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, ধর্ষণের অভিযোগে হাকু শেখ ও ইসলাম শেখসহ চারজনকে আসামি করে গত সোমবার থানায় মামলা করেছেন ওই নারীর ভাই। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।