ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রামবাসী কান্দুরা মামুদ (৩৭) নামের একজনকে আটক করেন। টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করতে রাজি না হওয়ায় রাত ১২টায় ঘরের তালা ভেঙে কান্দুরাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তরুণীটি ও পুলিশ জানায়, পাঁচ বছর আগে ওই তরুণীর (২০) মা মারা যান। গত মঙ্গলবার মেয়েকে বাড়িতে রেখে তাঁর বাবা দিনমজুরির কাজে যান। এ সুযোগে তিন সন্তানের জনক কান্দুরা মামুদ (৩০) ওই দিন বিকেলে বাড়িতে একা পেয়ে তরুণীটিকে ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে এলাকার লোকজন কান্দুরাকে হাতেনাতে আটক করে একটি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে তাঁর ভাই মোকলেছার রহমানসহ কয়েকজন লোক মেয়েটির বাড়িতে যান। তাঁরা ৫০ হাজার টাকা নিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এতে মেয়েটির বাবা রাজি না হওয়ায় ঘরের তালা ভেঙে কান্দুরা মামুদকে তাঁরা ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল বুধবার কান্দুরা মামুদসহ চারজনকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা করেন। গতকাল বুধবার কান্দুরার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
ওই গ্রামের বাসিন্দা ইকরচালী ইউনিয়ন পরিষদের সদস্য আরজ মিয়া বলেন, ‘ঘটনাটি জানার পরই মেয়ের বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিই।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।