ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার আবুল বাশার (৩৮) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, গত সোমবার দুপুরে ওই মাদ্রাসাছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন আবুল বাশার। পারিবারিক মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে বাড়িতেই ওই ছাত্রীর চিকিৎসার চেষ্টা চালায় তার পরিবার। কিন্তু অধিক রক্তক্ষরণের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকেলে মেয়েটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা গতকাল বিকেলে আবুল বাশারকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রামনগর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম বলেন, আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, ধর্ষণের শিকার মেয়েটির চিকিৎসা শুরু হয়েছে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হলে ভালো হতো।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মেয়েটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।