ধর্ষণের অভিযোগে এবার আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তার নিহত হওয়ার ঘটনায় এবার ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত গতকাল রোববার মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ১৩ আগস্ট ওই দুই স্কুলছাত্রীকে কয়েকজন বখাটে ধর্ষণের পরে হত্যা করে—এমন অভিযোগ ছিল পরিবারের। এ ঘটনায় নিহত সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার ১৪ আগস্ট মাদারীপুর সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ আনা হলেও পুলিশ মামলায় এ অভিযোগটি অন্তর্ভুক্ত করেনি।
সুমাইয়া ও হ্যাপির স্বজনেরা বলেন, পুলিশ ধর্ষণের অভিযোগটি মামলায় অন্তর্ভুক্ত না করায় আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। নিহত হ্যাপির মা মুক্তা বেগম গতকাল দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সুমাইয়া ও হ্যাপিকে অপহরণের পরে ধর্ষণ শেষে হত্যা করার অভিযোগ দায়ের করেন। এতে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন রানা নার্গাসী (২১), মেহেদী হাসান (২০), সিপন শিকদার (২০), রফিকুল ইসলাম দরজি (২০), উজ্জ্বল শিকদার (২৫), রকিব শিকদার (২১), সাজন ব্যাপারী ((২০) ও আলামিন হাওলাদার (২০)। এর মধ্যে আলামিন বাদে সবাই আগের হত্যা মামলার আসামি।
হ্যাপির মা মুক্তা বেগম বলেন, ‘ওদের (হ্যাপি ও সুমাইয়া) ধর্ষণ করে হত্যা করা হয়েছে—এমন অনেক আলামত পাওয়া গেছে। আমরা বারবার বলার পরও পুলিশ আমাদের কথা না শুনে মামলায় ধর্ষণের কথা উল্লেখ করেনি। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতে নিশ্চয়ই ন্যায়বিচার পাব।’
বাদীপক্ষের আইনজীবী ইয়াদ মোর্শেদ সজল বলেন, ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতেই এর আগে শুধু হত্যা মামলা নিয়েছে পুলিশ। কিন্তু আদালতের বিচারক আবু নাছের মোহাম্মদ জাহাঙ্গির আলম গতকাল দায়ের করা ধর্ষণের অভিযোগটি আমলে নিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, দুই ছাত্রী হত্যার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি তাঁর জানা নেই। সেটা হয়ে থাকলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।