ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা তানভীর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা তানভীর তনুকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার পুলিশ তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার রাজধানীর রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলোকে বলেন, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী এক তরুণী জানিয়েছেন, ফেসবুকে তানভীরের সঙ্গে তাঁর পরিচয় হয়। স্ত্রী থাকার পরও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তানভীর। এরপর তিনি ওই তরুণীকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন। ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে তাঁকে তানভীর নিজের বাসায় ডেকে নেন। এ সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীরের এক বন্ধু সেখানে ছিলেন। একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তানভীর। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তিনি। তবে একপর্যায়ে ওই তরুণী পালিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনার পর তানভীর আত্মগোপন করেন। তবে তিনি বাসায় ফিরে আসার খবর পেয়ে ওই তরুণী পুলিশকে খবর দেন। এরপরই সেখান থেকে তানভীরকে পুলিশ গ্রেপ্তার করে।

ওসি সহিদ আলম বলেন, অভিযোগকারী নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না, তা জানার জন্য তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এর ফল পাওয়ার পর তদন্তের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।