ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে কবির হোসেন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কবির হোসেন স্ত্রী পরিচয় দিয়ে ওই কিশোরীকে নিয়ে বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে তাঁর এক বন্ধুর বাড়িতে ওঠেন এবং সেখানে রাত যাপন করেন। গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা কবির ও ওই কিশোরীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর ওই কিশোরীর মা বাদী হয়ে কবিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে কবির হোসেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। চৌদ্দগ্রাম থানার এসআই আবু ইউছুফ জানান, কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।