ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়েকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গত শুক্রবার রাতে একই গোষ্ঠীর এক তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মণিকা বেগম বলেন, গতকাল শিশুটি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোমিনুল ইসলামের আদালতে জবানবন্দি দিয়েছে।
এজাহার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শিশুটির মা-বাবা দিনমজুর। ২ মে সকালে তাঁরা কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। দুপুরে শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি আসে। এ সময় প্রতিবেশী ওই তরুণ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ওই তরুণ হুমকি দেয়। এরপর তরুণটি বাড়ি থেকে পালিয়ে যায়। মা-বাবা বাড়ি ফিরে এলে শিশুটি তাঁদের ঘটনাটি জানায়। এরপর ক্ষুদ্র জাতিসত্তার একজন নেতা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন, কিন্তু মীমাংসা না হওয়ায় শুক্রবার রাতে শিশুটির বাবা ওই তরুণকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ রাত ১১টার দিকে তরুণকে গ্রেপ্তার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গতকাল বলেন, গ্রেপ্তার তরুণকে মুখ্য বিচারিক হাকিমের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত হাজতে থাকাকালে গ্রেপ্তার হওয়া তরুণ প্রথম আলোকে বলেন, তিনি ধর্ষণ করেননি।