ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে গত রোববার রাতে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরী বাদী হয়ে স্থানীয় যুবক জাফর আলম ও মাইনউদ্দিনের নাম উল্লেখ করে মামলাটি করেন। তবে গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই ঘটনার সঙ্গে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মিয়াজিরপাড়ার জাফর আলম নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে গত শুক্রবার বেলা ১১টার দিকে মাইজপাড়া এলাকার এক কিশোরীকে (১৪) পার্শ্ববর্তী চরপাড়ার সমুদ্রসৈকতে নিয়ে যান। পরে ওই দিন বিকেলে চরপাড়ার উত্তরে ঝাউবাগানের ভেতরে নিয়ে গিয়ে ওই যুবক কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ওই যুবকের আরেক সহযোগী মাইনউদ্দিনও কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। তবে মুঠোফোনে মাইনউদ্দিন বলেন, ‘আমি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না।’ মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ নাসিরউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।