ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ধর্ষণ ও ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব না নেওয়ায় মো. ফিরোজ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বপঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা ও দায়রা জজ এম এ নূর এ রায় দেন।
সেই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া মেয়েশিশুর বিয়ে না হওয়া পর্যন্ত ভরণপোষণ বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই অর্থ আদায় করে ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ধর্ষণের শিকার কিশোরী-মাকে ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দেওয়া হবে। রায় ঘোষণার সময় আসামি ফিরোজ আদালতে উপস্থিত ছিল। সে তেঁতুলিয়ার কাউরগছ গ্রামের হানিফউদ্দিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১২ থেকে ২০১৩ সালে বিভিন্ন সময়ে একই গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করে ফিরোজ। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফিরোজ তাকে বিয়ে করতে অস্বীকার করে। বাধ্য হয়ে মেয়েটি ২০১৩ সালে মামলা করে। মামলা চলাকালেই মেয়েটি এক মেয়েশিশুর জন্ম দেয়। আদালতের নির্দেশে জন্ম নেওয়া শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়। এতে শিশুটি ফিরোজের সন্তান বলে প্রমাণিত হয়।