ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
লালমনিরহাট সদর উপজেলায় গত রোববার রাতে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরদিন সোমবার সকালে ওই গৃহবধূ সদর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।
মামলায় হাবিবুর ও তাঁর বড় ভাই আনিছুর রহমানসহ সাতজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর ওই দিন দুপুরে হাবিবুরের মামা গোকুন্ডা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিনের নেতৃত্বে মামলার আসামিরা ওই গৃহবধূর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং ঘরের আসবাব পুকুরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
ওই গৃহবধূ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘হামরা গরিব মানুষ, সোয়ামি বোবা। সেই জনতে গ্রামের আনিছুর মোক মাঝেমধ্যেই কুপ্রস্তাব দিছে। মুই রাজি হওনাই বলিয়া রোববার রাইতে মোর ঘরে ঢুকি মোক ধর্ষণ করছে বাহে।’ লালমনিরহাট থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ধর্ষণ ও মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে একটি এবং গৃহবধূর বাড়িতে ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা হয়েছে।