ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় বাদীকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মেয়েকে (১২) ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় বাদীকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার গতকাল মঙ্গলবার ওই রায় দেন।

মেয়েকে ধর্ষণ করার অভিযোগে ২০১৬ সালের ৪ মার্চ মশারফ হোসেনেরবিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেন মেয়ের বাবা। মশারফউপজেলার বিলাসী হাজারীপাড়ার বাসিন্দা।মামলার এজাহারে বলা হয়,২০১৬ সালের ৩ মার্চ রাতে তাঁর (মেয়ের বাবা) মেয়েকে নানার বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মশারফএকটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। ২০১৬ সালের ৮ মার্চ ওই মেয়ে আদালতে ধর্ষণের সত্যতা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দিও দেয়। পরে আদালতের নির্দেশে মেয়ের ডাক্তারি পরীক্ষা করা হয়। পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া না গেলেও পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

তবে গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার বিচারের সময় বাদী ও তাঁর মেয়ে আসামি মশারফ ধর্ষণ করেননি বলে সাক্ষ্য দেয়। আদালত বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে আসামিকে খালাস দেন। কিন্তু মেয়েকে ব্যবহার করে মিথ্যা মামলা করার অপরাধে বাদীকে ওই শাস্তি দিয়ে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, ‘নিজের মেয়েকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা দায়েরের অপরাধে আদালত বাদীকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’