ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজীব হাসানের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত রোববার রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে নাগরিক সংগঠন লোকমোর্চার সদস্যরা সরেজমিনে তদন্তে যান। লোকমোর্চার সহযোগিতায় ওই দিনই মেয়ের বাবা বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেন।
গতকাল শুক্রবার ওই ছাত্রী চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ আমীনুল ইসলামের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এরপর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। ওই ছাত্রী প্রথম আলোকে জানায়, রোববার রাতে তার মা পাশের গ্রামে আরেক মেয়ের বাড়িতে যান। এ সুযোগে রাজীব তাকে ধর্ষণ করে। মেয়ের মা অভিযোগ করেন, শেখ শফিকুল ইসলাম মামলা করতে বারণ করেন। এ কারণে মামলা করতে দেরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনা নিয়ে মঙ্গলবার রাত ১১টায় আন্দুলবাড়িয়া মণ্ডলপাড়ায় হাফিজুর রহমানের বাড়িতে সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে শেখ শফিকুল ইসলাম, ছেলের বাবা ও মেয়ের বাবাসহ কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকে ছেলের বাবা সমঝোতার জন্য এক লাখ ৩০ হাজার টাকা দিতে রাজি হন। এর মধ্যে এক লাখ টাকা মেয়ের পরিবারকে এবং বাকি টাকা অন্যদের খরচ করতে দেওয়ার সিদ্ধান্ত হয়।
গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা শেখ শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে তিনি ফোন বন্ধ করে দেন।
জেলা লোকমোর্চার সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর হোসেন জানান, ধর্ষণ মামলা নিয়ে সালিসের আয়োজন করাও অপরাধ। নির্যাতিত মেয়েকে মামলা পরিচালনার জন্য সংগঠনের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, আসামিকে ধরার চেষ্টা চলছে।