ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাত হোসেন ওরফে সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার উপজেলা শহরের প্রধান সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কলেজছাত্রী সায়েমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তিন-চার মাস আগে সাদ্দাতের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত রোববার বিকেল পাঁচটার দিকে তিনি দশমিনা কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সায়েম তাঁকে কথা আছে বলে ডেকে উপজেলা শহরের প্রধান সড়কের পাশের একটি ভবনে নিয়ে তাঁকে ধর্ষণ করেন।
স্থানীয় লোকজন জানান, ওই ছাত্রীকে তৃতীয় তলায় নিয়ে যেতে দেখে তাঁদের সন্দেহ হয়। একপর্যায়ে তাঁরা জড়ো হয়ে দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায় এবং ওই ছাত্রীকে উদ্ধার করে।
দশমিনা ওসি মো. শাহবুদ্দিন জানান, কলেজছাত্রী এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। দশমিনা উপজেলা যুবলীগের সভাপতি শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে উপজেলা যুবলীগ জরুরি সভা করে সায়েমকে দল থেকে বহিষ্কার করেছে।