ধর্ষণের অভিযোগে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে করা মামলায় গত রোববার রাতে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছকিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে এক কিশোরী ডোমার থানায় এ মামলা করে। মামলার অন্য তিন আসামি পলাতক।এজাহার সূত্রে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক কিশোরী (১৩) রাজধানীর শ্যামলী এলাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করত। সেখানে ডোমারের আমবাড়ী গ্রামের নিতু (১৪) নামের এক কিশোরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে নিতু বাড়িতে চলে এলে ওই কিশোরী ৫ ডিসেম্বর একটি নৈশকোচে করে ঢাকা থেকে ডোমারের চিলাহাটি বাজারে এসে নামে। ভোরে মেয়েটিকে একা পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ছকিকুল ইসলাম (৬৫), মিজানুর রহমান (৪০), আলতাব হোসেন (৬২) ও সাজু হোসেন (৬২) তাকে নিতুর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সাজুর বাড়িতে নিয়ে যায়। তারা তাকে ছয় দিন আটকে রেখে ধর্ষণ করে। মামলার পরপরই পুলিশ ছকিকুল ইসলামকে গ্রেপ্তার করে।ছকিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে।মামলার অন্য আসামি আলতাব হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা নোংরা রাজনীতির শিকার। একটি পক্ষ তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এই মিথ্যা মামলা দিয়েছে।ডোমার থানার ওসি সুকুমার মহন্ত প্রথম আলোকে জানান, গত সোমবার ছকিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, আজ মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে জেলা সদরে নেওয়া হবে।