ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সদর উপজেলার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১১) গত মঙ্গলবার ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ছাত্রীর সৎবাবার বিরুদ্ধে গত শুক্রবার মামলা হয়েছে। পুলিশ গতকালই তাঁকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার এক ব্যক্তি গত মঙ্গলবার দুপুরে তাঁর সৎমেয়েকে (চতুর্থ শ্রেণীর ছাত্রী) চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে নিয়ে যান। সেখান থেকে পঞ্চগড়ে ফিরে আসার কথা বলে তিনি ওই ছাত্রীকে দিনাজপুরে একটি আবাসিক হোটেলে তোলেন। রাতে তিনি ছাত্রীকে বমির ওষুধের নামে ঘুমের বড়ি খাইয়ে দেন। গভীর রাতে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরদিন তারা বাড়িতে ফিরে আসে। বৃহস্পতিবার শারীরিক অবস্থা খারাপ হলে ওই ছাত্রী তার মায়ের কাছে ধর্ষণের কথা জানায়। ওই দিন রাতে এলাকাবাসী ওই সৎবাবাকে আটক করে থানায় খবর পাঠান। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ওই ছাত্রীকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক মো. বাহারাম আলী জানান, প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, মেয়েটি নির্যাতনের শিকার হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর প্রকৃত অবস্থা জানা যাবে।ওই ছাত্রীর বয়স যখন তিন মাস, তখন তার বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে ওই ব্যক্তির সঙ্গে তার মায়ের বিয়ে হয়। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে ওই ছাত্রীর মা থানায় মামলা করেছেন।