ধর্ষণের আলামত নষ্ট করতে গর্ভপাত ঘটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের পর আলামত নষ্ট করতে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গর্ভপাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোপালনগর ইউনিয়নের ওই ছাত্রীকে এক তরুণ (২০) প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই তরুণের পরিবার বিষয়টি জানতে পারে। পরে ওই তরুণ ও তাঁর পরিবারের লোকজন ধর্ষণের আলামত নষ্ট করতে গত ২৪ জানুয়ারি ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে শেরপুর উপজেলার একটি ক্লিনিকে গর্ভপাত ঘটান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি ছাত্রীটির পরিবারের সদস্যরা জানতে পেরে চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ছাত্রীটির চাচা বাদী হয়ে ওই তরুণসহ ছয়জনের বিরুদ্ধে শুক্রবার রাতেই থানায় লিখিত অভিযোগ দেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়ের গর্ভপাত ঘটানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
থানায় লিখিত অভিযোগের খবর জানার পর থেকেই ওই তরুণ ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।