ধর্ষণের আলামত মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরেনসিক পরীক্ষায় রাজধানীর খিলগাঁওয়ের এক বাসায় নারী কনস্টেবলকে ধর্ষণের আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসের (ওসিসি) চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার খিলগাঁও থানায় ওই প্রতিবেদন পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিস্তারিত পুলিশ বলতে পারবে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়াও প্রথম আলোকে বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। ওই নারী কনস্টেবল আদালতে ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দিয়েছেন। তবে আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই নারী কনস্টেবল রাজধানীর একটি থানায় কর্মরত। মামলার আসামি তাঁর সাবেক স্বামী আগে খিলগাঁও থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে সেখান থেকে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলি করা হয়। পরে তা বাতিল করে তাঁকে শিল্প পুলিশে বদলি করা হয়।
নারী কনস্টেবলের বোন প্রথম আলোকে বলেন, ২০১১ সালে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক চেয়ে তাঁর বোনের ওপর অত্যাচার, নির্যাতন শুরু করেন ওই পুলিশ কর্মকর্তা। এর জের ধরে ২০১৪ সালের দিকে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ির পর তাঁদের আড়াই বছরের সন্তান মায়ের সঙ্গে গাজীপুরে থাকত। কিন্তু ২০১৪ সালের শেষের দিকে ওই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন বাসায় হামলা চালিয়ে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসেন।
নারী কনস্টেবলের বোন আরও বলেন, ২০১৪ সালে যৌতুক চেয়ে অত্যাচার, নির্যাতন ও হামলা চালিয়ে সন্তান ছিনিয়ে নেওয়ার অভিযোগে গাজীপুরের জয়দেবপুর থানা ও আদালতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এর মধ্যে ওই পুলিশ কর্মকর্তা তাঁর বোনকে আবারও বিয়ে করার প্রস্তাব দিতে থাকেন। এমন পরিস্থিতিতে গত শুক্রবার তাঁর বোন অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে যান। খবর পেয়ে সেখানে যান ওই পুলিশ কর্মকর্তা। সন্তানকে দেখানোর কথা বলে ফুসলিয়ে তাঁর বোনকে খিলগাঁও তিলপাপাড়ার এক বাসায় নিয়ে যান। তারপর তাঁকে নেশাজাতীয় দ্রব্যমিশ্রিত পানি খাওয়ানো হয়। কিন্তু সেখানে তাঁদের সন্তান ছিল না, ছিল চার অচেনা লোক। একপর্যায়ে দরজা বন্ধ করে ওই পুলিশ কর্মকর্তা তাঁর বোনকে ধর্ষণ করেন। এতে তাঁর বোন অচেতন হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে কৌশলে তিনি বাসা থেকে বের হয়ে পরিবারকে খবর দেন।
নারী কনস্টেবলের বোন আরও জানান, ধর্ষণের ব্যাপারে তাঁর বোন শুধু সাবেক স্বামীর কথা বলতে পেরেছেন। অজ্ঞান হয়ে পড়ায় অচেনা লোকগুলোও ধর্ষণের সঙ্গে জড়িত কি না, তা তিনি বলতে পারেননি।
ঢাকা মেডিকেলের ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বলেন, ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রতিবেদন খিলগাঁও থানায় পাঠানো হয়েছে। খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ জানান, প্রধান আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ঘটনার পর থেকে ওই পুলিশ কর্মকর্তার মুঠোফোন নম্বর বন্ধ। পুলিশ সূত্রে জানা গেছে, শিল্প পুলিশে বদলি করা হলেও ওই কর্মকর্তা যোগ দেননি। যোগ দেওয়ার আগেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর থেকে তিনি পলাতক।
মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম বলেন, জবানবন্দিতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেছেন নারী কনস্টেবল। যে বাসায় এ ঘটনা ঘটেছে, ওই বাসায় পুলিশ কর্মকর্তা ভাড়া থাকতেন। ওই বাসায় এখন কেউ নেই। ঘটনার সময় সহযোগী হিসেবে যারা ছিল, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।