ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ-জনপ্রতিনিধি এককাট্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরের এক তরুণী ধর্ষণের শিকার হয়ে থানায় গিয়ে মামলা করতে পারেননি, এমনকি হাসপাতালের চিকিৎসাও পাননি। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পুলিশ আর স্থানীয় জনপ্রতিনিধিরা এককাট্টা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৪ মার্চ ঘটনার পর বিচার ও চিকিৎসা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী অবশেষে শারীরিক জখমের বিবরণ দিয়ে গত শনিবার ঠাঁই পেয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের মেঝেতে। হতভাগ্য তরুণীর মা ও স্থানীয় লোকজন জানান, নোয়াখালীর কবিরহাট উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের বড় বোনের বাড়ি থেকে সুবর্ণচর উপজেলার চরমজিদ আশ্রয়ণ প্রকল্পের নিজেদের বাড়িতে যাওয়ার জন্য ২৪ মার্চ দুপুরে সোনাপুর বাসস্ট্যান্ডে যান ওই তরুণী। এ সময় একই এলাকার অটোরিকশাচালক নিজাম তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে সুবর্ণচরের ভূঁইয়ারহাটে নিয়ে যান। সেখান থেকে বাঁশখালী স্লুইস গেট এলাকায় নিয়ে কেফায়েত (২৮), ফারুক (২৪), আকতার (৩০), রাশেদ (২৮), সেলিম এবং অটোরিকশাচালক নিজাম ওই তরুণীকে ধর্ষণ করে।পরদিন সকালে তরুণীর বড় বোন ও তাঁর আত্মীয়স্বজন গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগ থেকে জানানো হয়, ধর্ষণের ঘটনায় চিকিৎসা নিতে হলে পুলিশের মাধ্যমে আসতে হবে। এরপর ওই তরুণী চিকিৎসা না পেয়ে ফিরে আসেন।ধর্ষিতার বড় বোন অভিযোগ করেন, সন্ধ্যায় তিনি তাঁর বোনকে নিয়ে চরজব্বার থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ তাঁদের গালাগাল করেন ও এ ব্যাপারে পূর্ব চরবাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নিজামের শাশুড়ি আলেয়া বেগমের সঙ্গে কথা বলতে বলেন। পরে তিনি তাঁর বোনকে নিয়ে ভূঁইয়ারহাট বাজারে একটি দোকানে ফজলুল হকের সঙ্গে দেখা করেন। ফজলুল হক তাঁদের দেখেই নানা অশালীন উক্তি করতে থাকেন। ওই সময় ফজলুল হকের পাশে আলেয়া বেগমও ছিলেন। একপর্যায়ে ফজলুল হক ও আলেয়া ঘটনাটির বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের বিদায় করেন। পরবর্তী সময়ে চেয়ারম্যান বিচারের কথা বলে অভিযুক্তদের তিন জনের কাছ থেকে ২০ হাজার টাকা করে জামানত নেন। কিন্তু টাকা জমা নিলেও তিনি বিচারের নামে কালক্ষেপণ করতে থাকেন। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ চৌধুরী বলেন, ওই তরুণী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে এসে বিনা চিকিৎসায় ফিরে যাওয়ার ঘটনা তাঁর জানা নেই। এখন যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছে, তাই ধর্ষণের বিষয়টি জানানো হলে তাঁরা প্রয়োজনীয় সহায়তা দেবেন।পূর্ব চরবাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ধর্ষণের ঘটনা ও বিচারের উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করে বলেন, ২০ হাজার টাকা নয়, পাঁচ হাজার টাকা করে জামানত নেওয়া হয়েছে। কিন্তু ওই তরুণী আবার না আসায় বিচার হয়নি।চরজব্বার থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীকে নিয়ে তাঁর বোন থানায় এলে তিনি তাঁদের লিখিত অভিযোগ নিয়ে আসতে বলেছিলেন। কিন্তু তাঁরা পরে আর আসেননি। তিনি তাদের গালাগাল করে চেয়ারম্যান কিংবা অন্য কারও কাছে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ভুক্তভোগী মামলা নিয়ে এলে এখনই নেব।’