ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা ৫ দিন পর মামলা!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রী পাঁচ দিন আগে ধর্ষণের শিকার হয়। গত শনিবার গ্রামের মাতবরেরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল সোমবার থানায় মামলা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বুধবার রাতে বাইরে বের হলে প্রতিবেশী তরুণ (২২) তার মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরদিন সকালে এর বিচার চাইলে তরুণের পরিবারের লোকজন মেয়েটির বাবার সঙ্গে খারাপ আচরণ করে। পরে গ্রামের মাতবরেরা বিচারের আশ্বাস দিয়ে থানায় মামলা করতে নিষেধ করেন। শনিবার রাতে সালিসের আয়োজন করা হয়। সেখানে তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি চড়-থাপ্পড় মারা হয়। সালিসে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল বারেক, স্বেচ্ছাসেবক লীগের নেতা মাসুদ আজাদী ও রেজ্জাক মোড়ল, দুলাল মোড়লসহ অনেকে উপস্থিত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে গতকাল দুপুরে পুলিশ মেয়েটির অভিভাবকদের থানায় ডেকে ধর্ষণের মামলা নেয়।
গতকাল মুঠোফোনে আবদুল বারেক বলেন, ‘এলাকার সবাই মিলে ঘটনাটি মিটমাট করতে চেয়েছিলাম।’
অভিযুক্ত তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।