ধর্ষণের ঘটনা লাখ টাকায় মীমাংসার চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা এক লাখ ২০ হাজার টাকায় মীমাংসার নির্দেশ দেন মাতব্বরেরা। শিশুটির পরিবার এ সিদ্ধান্ত না মেনে আইনের আশ্রয় নেয়। গোয়েন্দা (ডিবি) পুলিশ গত শুক্রবার রাতে অভিযুক্ত চেনু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে।

পুলিশ, শিশুটির পরিবার ও এলাকার কয়েকজন জানান, চেনু মিয়া ওই শিশুর প্রতিবেশী। সাড়ে তিন মাস আগে চেনু মিয়া শিশুটির সৎমাকে নিজ স্ত্রীর সঙ্গে বেড়াতে পাঠান। এই সুযোগে তিনি শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে শিশুটিকে হুমকি দেন। শিশুটি ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। গত মঙ্গলবার রাতে চেনু মিয়ার শ্বশুর আবদুর রহিমের দোকানে গ্রাম্য মাতব্বরেরা সালিসে বসেন। সালিসে গতকাল শনিবারের মধ্যে শিশুটির পরিবারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা দিয়ে গর্ভপাত ঘটাতে বলা হয়। সালিসের এ সিদ্ধান্ত মেনে নেয়নি শিশুটির পরিবার। এ ব্যাপারে শিশুটির বাবা শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ডিবি পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে চেনু মিয়াকে গ্রেপ্তার করে। শিশুটিকে আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বলেন, আসামিকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।: