ধর্ষণের ঘটনা লাখ টাকায় সুরাহা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা এক লাখ টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করেছেন দুই জনপ্রতিনিধি। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে ছয় দিন পর আটোয়ারী থানার পুলিশ এ ঘটনায় মামলা নিয়েছে। ভয়ভীতি দেখানোর কারণে ওই ছাত্রীর পরিবার যথাসময়ে মামলাটি করতে পারেনি।
গত বৃহস্পতিবার সকালে ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামের শিশির, ধামোর গাছবাড়ী গ্রামের রাজুসহ ছয় তরুণ গত ৩০ আগস্ট বিকেলে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে (১২) মোটরসাইকেলে তুলে বাকশিরি এলাকার একটি বাগানবাড়িতে নিয়ে যান। সেখানে তাঁরা তাকে ধর্ষণ করেন। রাতে শিশির ওই ছাত্রীর হাত-পা ও মুখ বেঁধে মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহাবিরের বাড়ির পেছনে রেখে পালিয়ে যান। পরে ওই ছাত্রী হাতের বাঁধন খুলে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।
জানা গেছে, ওই ছাত্রীর মা-বাবা এ ব্যাপারে গত রোববার আটোয়ারী থানায় যান। খবর পেয়ে মির্জাপুর ইউপির সদস্য মহাবির ও ধামোর ইউপির সদস্য মজিবর থানায় যান। তাঁরা থানার ডিউটি অফিসারকে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার কথা বলে ওই ছাত্রীর মা-বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। পরদিন ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এক লাখ টাকা আদায় করেন ওই দুই জনপ্রতিনিধি। তাঁরা ছাত্রীর পরিবারকে ৫০ হাজার এবং পুলিশ, স্থানীয় সাংবাদিক ও প্রভাবশালী ব্যক্তিদের ৫০ হাজার টাকা দেন।
মহাবির ও মজিবর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন। পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘বিভিন্ন স্থান থেকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার খবর পেয়ে আটোয়ারী থানার পুলিশকে মামলা নিতে নির্দেশ দিয়েছি।’