ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা নিল পুলিশ, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কিশোরী ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে মামলা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫ আগস্ট ওই কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে নিজেই ঘটনার পরদিন থানায় লিখিত অভিযোগ করে। কিন্তু পুলিশ অভিযোগ তালিকাভুক্ত না করে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ ওঠে।

গতকাল রোবাবর প্রথম আলোয় ‘ধর্ষণের ঘটনায় মামলা না নিয়ে মীমাংসার পরামর্শ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য উেকাচ নিয়ে বিষয়টি মীমাংসার পাঁয়তারা করছিল।’

এ ব্যাপারে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে জানান, রোববার সন্ধ্যায় প্রথম আলোতে সংবাদটি দেখার পর তিনি তাত্ক্ষণিকভাবে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখার নিদের্শ দেন। ইউএনও রাতেই মেয়েটির বাড়িতে পুলিশ সদস্যদের নিয়ে যান। তাঁর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান। এরপর মীমাংসার চেষ্টায় এগিয়ে আসা হোগলবাড়িয়া ইউপি সদস্য মজিবর রহমান, অভিযুক্ত জুয়েল ও জুয়েলের বাবা মিরু মালিথাকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে রাতে থানায় মামলা হয়। ওই মামলায় আটক হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।