ধর্ষণের ঘটনায় জরিমানা করেই রেহাই!
পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুজনকে জরিমানা করেই গ্রাম্য সালিসে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীন কুমার কুন্ডু বলেছেন, বিষয়টি আপসযোগ্য নয়। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ভান্ডারা গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে (১০) একই গ্রামের আলাউদ্দীনের ছেলে রুহুল ফুসলিয়ে নিয়ে প্রতিবেশী হাসানের (২৯) ঘরে দিয়ে সে সটকে পরে। এই সুযোগে হাসান ওই মেয়েকে ধর্ষণ করে। মেয়েটি পরে কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনা খুলে বলে। জানাজানি হলে রাতেই উত্তেজিত এলাকাবাসী হাসানের বাড়ি ঘেরাও করে। বিষয়টি ধাপাচাপা দিতে গত বুধবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাবের সভাপতিত্বে সালিস বৈঠকে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে হাসানকে এক লাখ ২০ হাজার টাকা ও তার সহযোগী রুহুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিসে জরিমানার ৫০ হাজার টাকা আদায় করে মেয়েটির পরিবারকে দেওয়া হয়। বাকি টাকা আদায় করার পর বুঝিয়ে দেওয়ার কথা। মেয়েটির ভাই বলেন, ‘গ্রামের মাতবররা যা করে দিয়েছেন তা মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই।’ ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব জানান, আপসযোগ্য না হলেও ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। জরিমানার বাকি টাকা মেয়েটির পরিবারকে দেওয়া হবে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, ঘটনার কথা তিনি শুনেছেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।