ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় ওই কর্মসূচি পালিত হয়।
জেলার বিভিন্ন নারী সংগঠন, এনজিও ও পেশাজীবী ফোরামের প্রতিনিধিরা ওই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দ্রৌপদী আগরওয়ালা, বেসরকারি উন্নয়ন সংস্থা মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারী সাদেকুল ইসলাম, আরডিআরএস-বাংলাদেশের ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, জেএসএস পরিচালক নূরবানু প্রমুখ বক্তব্য দেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মধ্য চাড়োল গ্রামের এক তরুণ প্রায় উত্ত্যক্ত করতেন। ৩ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে তিনি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে একটি বাসায় আটকে রেখে ওই তরুণ এবং তাঁর কয়েকজন সহযোগী মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করেন। বিকেলে ওই ছাত্রীর ভাইয়ের মুঠোফোনে যোগাযোগ করে তাঁরা মেয়েটির অবস্থান জানান। খবর পেয়ে মেয়েটির ভাই ও বোন রওনা দিলে পথে দুজন তরুণ মেয়েটিকে তাঁদের সামনে ফেলে দিয়ে পালিয়ে যান। মেয়েটির অবস্থার অবনতি হলে পরদিন রাতে পরিবারের লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় মেয়ের বাবা ৮ অক্টোবর তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন।
মেয়েটির বাবা বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছে, তারা এলাকার প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে ভয় ও টাকার লোভ দেখাচ্ছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।