ধর্ষণের চেষ্টা, চিনে ফেলায় শ্বাসরোধে শিশুকে হত্যা
ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ও আক্রমণকারীদের চিনে ফেলায় ১০ বছরের শিশু মারিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
গত সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এশরার নগরে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত মারিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। সোমবার দুপুরে সে কোচিং করতে বাসা থেকে বের হয়। বিকেলে ফেরার সময় তাদের বাসার কাজের লোক সুমন মিয়া, বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল আলীম ও সুমনের বন্ধু মিলন মিয়া বাসার নিচতলায় তার গতিরোধ করে।
পরে বাসার নিচতলার একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও মারিয়া বাসায় না ফিরলে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পরে ওই বাসারই লোকজন মারিয়ার লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আক্তারুজ্জামান সোমবার রাতে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতে পুলিশ সুমন মিয়া (২০), আবদুল আলীম (৪৫) ও মিলন মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। তারা পুলিশকে বলেছে, মারিয়া তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।