ধর্ষণের জরিমানার টাকাও ভাগাভাগি!
মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়ার পর গ্রাম্য মাতবরেরা সালিস বসিয়ে অভিযুক্ত তরুণকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওই টাকা কিশোরীর পরিবারকে না দিয়ে তাঁরা ভাগ-বাঁটোয়ারা করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে ২০ সেপ্টেম্বর রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপনগর গ্রামে। এ ঘটনায় ওই কিশোরী মামলা করতে চাইলে মাতবরেরা তাকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের অভিযোগ, ওই কিশোরীর সঙ্গে পাবনার আটঘরিয়া উপজেলার আবদুল মান্নান নামের এক তরুণের (২৭) মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে ১৯ সেপ্টেম্বর ওই তরুণ কিশোরীর বাড়িতে আসেন। ওই দিন রাতে বাড়ির একটি কক্ষে অবস্থান নিয়ে ওই তরুণ তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তরুণকে আটক করেন এবং মাতবরদের কাছে অভিযোগ দেন।পরদিন মাতবরেরা ছেলের অভিভাবকদের ডেকে কিশোরীর বাড়িতে সালিস বসান। সালিসে সভাপতিত্ব করেন বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, উসমান আলী, মহসিন, সফিউদ্দিন। সালিসে অভিযোগ স্বীকার করলে ওই তরুণকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সালিসে অংশ নেওয়া মাতবরেরা ওই জরিমানার পুরো টাকা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেন।আবু তাহের সালিস আয়োজন করার সত্যতা স্বীকার করে জানান, ওই টাকা চারজন মাতবর নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন। গতকাল সোমবার ওই কিশোরীর মামা অভিযোগ করেন, মাতবরেরা এ ব্যাপারে আর কিছু না করার জন্যও হুমকি দিচ্ছেন। ওই প্রতিবন্ধী তরুণীকে বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না।মাতবর উছমান আলী বলেন, ‘আমরা টাকাগুলো নিয়ে সমাজের তহবিলে জমা রেখেছি।’ ধর্ষণের বিচার কেন করেছেন, জানতে চাইলে তিনি জানান, তাঁদের কাছে অভিযোগ করায় তাঁরা এ ঘটনার বিচার করেছেন। ওই তরুণীকে বাড়ি থেকে বের হতে না দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। ধর্ষণের ঘটনার বিচার গ্রাম্য সালিসে হওয়ার বিধান নেই। ওই কিশোরী আইনের আশ্রয় চাইলে তাঁকে দেওয়া হবে।