ধর্ষণের তিন দিন পর ডাক্তারি পরীক্ষা
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ছয় বছরের শিশু ধর্ষণ ঘটনায় ‘থানায় মামলা হয়নি’—এই অজুহাতে ধর্ষণের তিন দিন পর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তির তিন দিন পর গত রোববার বিকেলে চিকিৎসকেরা ওই পরীক্ষা করেন।শিশুর বাবা বলেন, ‘ধর্ষণের পর থেকে আমি মেয়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তিপ্রক্রিয়া নিয়ে ব্যস্ত থাকি। পরদিন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ কয়েকজন সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য আমাকে মামলা করতে নিষেধ করেন। সালিসে ধর্ষকের লোকজন পাঁচ হাজার টাকা জরিমানা দিতে চান। আমি ওই প্রস্তাবে রাজি হইনি। অবশেষে স্থানীয় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও ব্র্যাকের সহায়তায় গত শনিবার রাতে আটোয়ারী থানায় মামলা দায়ের করি। রোববার বিকেলে মেয়ের ডাক্তারি পরীক্ষা করা হয়।’পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘ধর্ষণের মামলা না করা পর্যন্ত আমরা পরীক্ষা করতে পারি না।’ তিন দিন পর আলামত পাওয়ার নিশ্চিয়তা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যা পাব, তা-ই প্রতিবেদনে আসবে।’পঞ্চগড়ের সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ‘অভিভাবক ও মেয়ে চাইলে মামলা ছাড়াও ডাক্তারি পরীক্ষা করতে কোনো বাধা নেই। হাসপাতালে কেন পরীক্ষা করা হয়নি এ বিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বর্ষালুপাড়া (পাইকপাড়া) গ্রামের জালাল উদ্দিনের ছেলে সলেমান আলী (২২) ওই শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।